রাজধানীর বনানী আবাসিক এলাকার একটি বাসা থেকে মারিয়া (১৬) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গৃহকর্মী মারিয়া সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বনানী ৯ নম্বর রোডের এফ ব্লকের ৪৯ নম্বর বাসার ছয়তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
মারিয়ার ফুফু নাজমা পারভীন জানান, তাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বিল্লাপাড়া গ্রামে। মারিয়ার বাবা রিকশা চালক বাহারুল ইসলাম এবং মা মনিরা খাতুন গৃহিণী। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মারিয়া ছিল বড়। গত দেড় বছর ধরে মারিয়া বনানীতে মোমিন আলী-জাহানারা আলী দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। মৃত মারিয়ার ফুফু নাজমা নিজেও ওই বাসায় কাজ করে বলেও জানায়।
নাজমা আরো জানান, মারিয়ার ছোট বোনকে কাজে দিতে চায় তার মা। কিন্তু মারিয়া তার ছোট বোনকে কাজে দিতে না করেন। এ বিষয়ে মারিয়ার সঙ্গে তার মায়ের কিছুদিন ধরে ঝগড়া হচ্ছিল। এ কারণে গতকাল রাত ৯টার দিকে সবার অগচোরে ছয়তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে উড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে তারা দেখতে পেয়ে নিজেরাই ঝুলন্ত মরদেহটি নিচে নামিয়ে পুলিশে খবর দেয়।
বনানী থানার এসআই ইয়াসির আরাফাত বলেন, খবর পেয়ে বনানীর ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করা হয়। এসময় লাশ ফ্লোরে শায়িত অবস্থায় ছিল। মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।