মেডিকেলের হোস্টেল থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের হোস্টেল থেকে ভারতীয় নাগরিক মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নিদা খান (১৯)। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্য রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের এজিএম সিদ্দিকুর রহমান জানান, নিদা খান ভারতের রাজস্থানের নাগরিক। তিনি মেডিকেল কলেজটির এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম আ. আজিজ খান।

তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় তাদের ক্যাম্পাস। সেখানে ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান। তার রুমমেটরাও ভারতীয় নাগরিক। শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সাথে একসাথে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর রুমে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তার পাশের রুমের শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাননি। পরে রাত ২টার দিকে হোস্টেল সুপারসহ কলেজ কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে তার রুমের দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। তখন সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ছরোয়ার হোসেন জানান, মধ্যরাতে খবর পেয়ে কলেজটির ফরেন হোস্টেল থেকে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। তখন সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার অনুষ্ঠিত একটি পরীক্ষায় নিদা খান নকল করার অভিযোগে এক্সপেল হন। এটি নিয়ে সারাদিন হতাশায় ছিলেন। যার কারণে তিনি রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে অন্য কোন ঘটনা বা কারণ আছে কি না তা বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত