ভারত বাংলাদেশের সঙ্গে নয়, শেখ পরিবারের সঙ্গে বন্ধুত্ব চায়: প্রিন্স

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারুণ্যের জাগরণ তুলে সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভালুকা পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, তারুণ্যের জাগরণে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিলেন। যে কারণে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র সত্বেও জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার মহাসড়কে দেশকে ওঠাতে পেরেছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, শুধু শেখ পরিবারের সঙ্গে বন্ধুত্ব চায়। যে কারণে দেশে আওয়ামী লীগ বিরোধী মনোভাবের পাশাপাশি ভারতবিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে।

বর্তমান পরিস্থিতির উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে হাসিনা সরকারের পতন ও পালায়নের পর ভারতের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে তারা হাসিনার পতন মেনে নিতে পারছে না। ভারতে মিডিয়ার অসত্য প্রোপাগান্ডা বাংলাদেশবিরোধী তৎপরতা উসকে দিচ্ছে। ভারতের উগ্রবাদী শক্তি বাংলাদেশে তাদের তাঁবেদারকে পুনর্বাসনে অলীক কল্পনা করছে। যা শুধু অবাস্তবই নয়, আকাশ কুসুম কল্পনা।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোরশেদ আলম, ব্রাদার্স ক্লাব ভালুকার সভাপতি রাফি উল্লাহ চৌধুরী বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম আলী।

এর আগে দিনব্যাপী দেশীয় বিভিন্ন খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনার এবং আলোচনাসভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে এমরান সালেহ প্রিন্স বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।