ইউক্রেনে প্রাণঘাতী হামলার পরিকল্পনা রাশিয়ার

রাশিয়া শিগগিরই ইউক্রেনে মাঝারি পাল্লার নতুন প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বুধবার এক বিবৃতিতে এই ধারণার কথা প্রকাশ করেছে। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, সামনের দিনগুলোতে হামলাটি হতে পারে বলে তাদের আশঙ্কা। তবে ওরেশনিক নামের এই ক্ষেপণাস্ত্র নাটকীয়ভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। তবে সংবেদনশীলতার জন্য রাশিয়ার সম্ভাব্য লক্ষ্য বা এ সংক্রান্ত আর কোনো তথ্য এ মুহূর্তে তাদের পক্ষে প্রকাশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন সাবরিনা সিং।

গত মাসে প্রথমবারের মতো ওরেশনিক নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ক্রেমলিন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মস্কো আবারও ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। পেন্টাগনের মতে, ওরেশনিক মূলত রাশিয়ার আরএস-২৬ রুবেজ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ। যদিও এটি প্রযুক্তিগতভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়।