সেই ম্যানসিটির এখন ক্রান্তিকাল

টানা ছয় হার ও এক ড্রয়ের পর জয়ের মুখ দেখেছিল ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। তারপর আবার হার নটিংহ্যাম ফরেস্টের কাছে। সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছে, সিটির বাস ফরেস্টে গিয়ে আটকে গেছে। এই সময়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে তুরিনে গিয়েছিল তারা। কিন্তু জুভেন্তাসের বিপক্ষেও হেরেছে তারা।

২-০ গোলের এই পরাজয় গভীর এক সংকটে ফেলে দিয়েছে এক বছর আগে পাঁচটি শিরোপাজয়ী ম্যানসিটিকে। কোচ পেপ গার্দিওলা, যিনি সাফল্যের প্রতীক হয়ে উঠেছিলেন, এখন এমন এক অচেনা সংকটের মুখোমুখি, যা তার ক্যারিয়ারে আগে কখনো দেখা যায়নি।

চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে সিটি তাদের পরিচিত আধিপত্য বিস্তার করেছে, বলের দখল নিয়ন্ত্রণ করেছে, কিন্তু গোলের ক্ষেত্রে হতাশ করেছে। একের পর এক ভুল এবং অসতর্ক খেলার কারণে দলের প্রতিরক্ষা ভেঙে পড়েছে। বিশেষত ২২ বছর বয়সী ক্রোয়্যাট ডিফেন্ডার জসকো গার্দিওলের একাধিক ভুল ছিল দৃষ্টিকটু।

প্রথমার্ধে সিটি বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল। কেভিন ডি ব্রুইনের একটি চমৎকার পাসে আর্লিং হালান্ড একটি দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু নরওয়েজিয়ান স্ট্রাইকারের শট দারুণভাবে বাঁচিয়ে দেন জুভেন্টাসের গোলরক্ষক মিচেলে ডি গ্রেগোরিও।

এরপর গার্দিওলের এক দুর্বল পাস প্রতিপক্ষের কাছে চলে গেলে, জুভেন্টাস সুযোগের সদ্ব্যবহার করে। দুসান ভলাহোভিচের একটি অসাধারণ হেড এগিয়ে দেয় তুরিনের বুড়িদের।

দ্বিতীয়ার্ধেও সিটি ঘুরে দাঁড়াতে পারেনি। রক্ষণভাগের বারবার ভুল, বিশেষত গার্দিওলের আরেকটি ভুলের কারণে, জুভেন্টাস তাদের দ্বিতীয় গোলটি করে। এবার টিমোথি উইয়ার ক্রস থেকে ওয়েস্টন ম্যাককেনি দুর্দান্ত ভলির মাধ্যমে গোল করেন। সিটির রক্ষণ আবারও দায়িত্বহীনভাবে প্রতিপক্ষকে সুযোগ করে দেয়।

গার্দিওলার দল গত ১০ ম্যাচে এক জয়ের বিপরীতে হারল সপ্তম ম্যাচ। এটি তার কোচিং ক্যারিয়ারে এক নজিরবিহীন অবস্থা। ট্রেবল জেতার পর সিটি এমন বিপর্যয়ে পড়বে, তা কেউই কল্পনা করেনি। তাদের রক্ষণভাগে দুর্বলতা, খেলোয়াড়দের ক্লান্তি এবং আত্মবিশ্বাসের অভাব সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরও খারাপ করেছে।

চ্যাম্পিয়নস লিগে সিটির অবস্থান এখন ২২তম এবং টুর্নামেন্টে টিকে থাকতে তাদের পরবর্তী দুটি ম্যাচে ভালো ফলাফল করতে হবে। পরের ম্যাচটি প্যারিস সেন্ট-জার্মেইয়ের সঙ্গে যেখানে দুদলই পয়েন্টের জন্য মরিয়া থাকবে।

সিটি কি আবারও ঘুরে দাঁড়াবে? নাকি গার্দিওলার এই অধ্যায় এক দুঃস্বপ্ন হয়ে থাকবে? একজন বিশেষজ্ঞ বলেছেন, নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের প্রথমপর্ব থেকেই বিদায় নিতে যাচ্ছে ম্যানসিটি।