সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে ৫ উইকেটে ৩২১ রান। হাফসেঞ্চুরি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ (৭৭), সৌম্য সরকার (৭৩), মাহমুদউল্লাহ (৮৪*) ও জাকের আলি (৬২*)।
ওয়ানডেতে সাত ইনিংস পর পঞ্চাশ ছাড়ানো রান করলেন সৌম্য। সম্প্রতি গায়ানায় গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে ভালো করেছিলেন সৌম্য, হয়েছিলেন আসরের সেরা খেলোয়াড়। সেই ফর্মটা কাজে লাগিয়ে জাতীয় দলের হয়ে বড় রানের দেখা পেতে পেতে অবশ্য সিরিজ হাতছাড়া। আর ভাগ্যের সহায়তাও পেয়েছেন সৌম্য, শূন্য রানে ব্রেন্ডন কিং সিøপে ছেড়েছেন ক্যাচ আর ৪৫ রানে তার ক্যাচ ছেড়েছেন অভিষিক্ত আমির জাঙ্গু। দুজনের বদান্যতায় ৭৩ বলে ৭৩ রান করে গুডাকেশ মোতির বলে লেগবিফোর উইকেট হয়ে ফিরে গেছেন সৌম্য। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করেছেন শূন্য, লিটন দাসও করেছেন শূন্য। ওয়ানডে সিরিজে ২, ৪ ও ০ করা লিটনই আসছে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অধিনায়ক। এ বছর ওয়ানডেতে লিটনের রান পাঁচ ম্যাচে ৬!
৯ রানেই বাংলাদেশের ২ উইকেটের পতনের পর সৌম্যর সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক মিরাজ। তৃতীয় উইকেটে এ দুজন ১২৭ বলে যোগ করেছেন ১৩৬ রান। এরপর ছয় বলের ভেতর দলীয় ১৭১ রানেই মিরাজ ও আফিফ আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে বাঁচিয়েছেন মাহমুদউল্লাহ ও জাকের। তাদের ১১৭ বলে ১৫০ রানের জুটিতেই বাংলাদেশ তিনশ ছাড়ায়, যা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এ রিপোর্ট লেখার সময় বৃষ্টিতে বন্ধ ছিল খেলা, তার আগে ৭.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৯ রান।