পরশুরাম সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৭ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক ও চশমা জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার দুপুরে বিজিবি-৪ এর ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার মজুমদারহাট বিওপি ও কেতরাংগা বিওপি সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় হুইস্কি, ফেনসিডিল ও চশমা জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় মাদক ও চশমার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। জব্দ করা পণ্য কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে বিজিবি-৪ এর ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।