কুলাউড়ায় ইকোপার্ক গুঁড়িয়ে ২০ একর খাসজমি উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে রোকন নামে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ২০ একর খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। জমি দখল করে প্রভাবশালী ওই ব্যক্তি সেখানে রোকনটিলা নামে একটি ইকোপার্কও নির্মাণ করেন।

গতকাল শুক্রবার দিনভর উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ওই জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়।

কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। তাকে সহায়তা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ও পিয়াস চন্দ্র দাস, থানার এসআই আমির হোসেন আমুসহ পুলিশ সদস্যরা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, জেলা জুড়ে সরকারি খাসজমি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ার রাঙ্গিছড়া টি ই মৌজার ৮৫৪ এবং ৮৬৮ দাগে বিপুল পরিমাণ খাসজমির সন্ধান মেলে। দীর্ঘদিন ধরে রোকন নামে স্থানীয় এক প্রভাবশালী ওই ২০ একর খাস জমি দখল করে অবৈধভাবে ইকোপার্ক নির্মাণ ও ভোগদখল করে আসছিলেন।

তিনি আরও জানান, অভিযানকালে ইকোপার্কের অবৈধ সব স্থাপনা অপসারণ এবং অবৈধ দখলে থাকা ২০ একর খাসজমি উদ্ধার করে সাইনবোর্ড টানানো হয়।