বিএনপি নেতার সঙ্গে তর্কের জেরে মারধর, বাস ভাঙচুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় বাসচালকের সঙ্গে বিএনপি নেতার তর্কের জেরে বাস ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নয়ন ঢাকা নারায়ণগঞ্জ রুটের আসিয়ান এসি বাসের চালক। অভিযুক্ত বিএনপি নেতা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর।

আহত চালক নয়ন বলেন, ‘সায়েদাবাদ পার হওয়ার সময় গাড়ির সামনে একটি মোটরসাইকেল এসে থামে। তখন দ্রুত ব্রেক করায় যাত্রীদের ঝাঁকি লাগে। এ সময় সেই নেতা বলেন, কিরে কেমনে গাড়ি চালাস? এ নিয়ে তর্ক হলে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। গাড়ি সানারপাড় পৌঁছালে ২৫-৩০ জন এসে গাড়ি ভাঙচুর করে ও আমাকে বেধড়ক মারধর করে। এ সময় আমার মাথা কেটে যায়। পরে তার কাছে মাফ চেয়ে আমি নিস্তার পাই।’

মিনহাজ আমান নামে ওই বাসের এক যাত্রী অভিযোগ করে বলেন, ‘বাস ভাঙচুর করতে নিষেধ করলে আমাকে লাঞ্ছিত করেন ইকবালের হোসেনের কর্মীরা।’

অভিযুক্ত কাউন্সিলর ইকবাল বলেন, “গাড়ির ড্রাইভার বাজে আচরণ করেছেন। তাকে ভালোভাবে গাড়ি চালাতে বলায় তিনি আমাকে বলেন, ‘আপনে গাড়ি চালান’। আমি বলেছি, সাইনবোর্ড রাখেন আপনার ব্যবস্থা নিচ্ছি। তিনি আমাকে বলেন, এমন ফাঁপর অনেকেই দেয়। আর তিনি মাফ কখন চেয়েছেন? আমার চিন্তা ছিল, কান ধরিয়ে ছেড়ে দেব। কিন্তু পাবলিক তো আর এটা বুঝে না।”