জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সরকারকে কোনো দল ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না। যারা রাজনীতি চর্চা করে তাদের মধ্যে একটি থাকে একটি সরকারি দল, অন্যটি হচ্ছে বিরোধী দল। সাইকেলের যেমন দুটি চাকা না থাকলে যেমন সাইকেল চলে না, ঠিক তেমনি সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না। সমালোচনা রাষ্ট্রের একটি সৌন্দর্য। গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবে জামায়াতে ইসলামের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এদিকে গাজীপুর মহানগর শ্রমিককল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী-অনাহারী মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে। এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব নয় শক্রতা নয়, মালিকের খেতে-পরতে যে পরিমাণ খরচ হয় একজন শ্রমিককে সেই পরিমাণ মজুরি দিতে হবে।