পতিত হাসিনা ও তার দোসরা দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজনগর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
এম নাসের রহমান বলেন, ‘ভারতের অনলাইন মিডিয়ায় নিউজ হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে। কিন্তু রাজনগরের কুশিয়ারা নদীর পাড় থেকে থেকে দক্ষিণে কামারচাক পর্যন্ত হাজার হাজার হিন্দু পরিবার বসবাস করছে, কোথাও কি কোনো হিন্দু পরিবারের ভাইদের বাড়িতে হামলা হয়েছে? কোনো মন্দিরে হামলা বা আক্রমণ হয়েছে? ভারতের মিডিয়াগুলো মিথ্যা তথ্যে অপপ্রচার করছে। এদের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীসহ দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এর জবাব দিতে হবে।’
এম নাসের রহমান আরও বলেন, ‘বাংলাদেশের হিন্দু ভাইয়েরা যেভাবে শান্তিতে বসবাস করছে—ভালো আছে। ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারের বিরুদ্ধে হিন্দু ভাইদেরও এগিয়ে আসতে হবে। কারণ আমরা মুসলমানরা এর জবাব দিলেও তারা বিশ্বাস করবে না। কিন্তু হিন্দু ভাইয়েরা যদি বলে আমাদের বাড়িতে বা মন্দিরে কোনো আক্রমণ বা হামলা হয়নি—এগুলো সব মিথ্যাচার। এসব মিথ্যাচার আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে ভারতের মিডিয়াগুলো করছে। তাহলে অন্যরা বিশ্বাস করবে। পলাতক হাসিনা ও তার দোসরা দেশের বিরুদ্ধে এসব অপপ্রচারে লিপ্ত রয়েছে।’
এলাকার উন্নয়ন করতে এমপি হওয়া লাগে না বলে মন্তব্য করে এম নাসের রহমান বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারে সময়ে রাজনগরের তেমন কোনো উন্নয়ন করা হয়নি। এম সাইফুর রহমান ও আমিই রাজনগরের উন্নয়ন করেছি। রাজনগর-বালাগঞ্জ সড়ক ভেঙে গেছে কিন্তু এই সড়কের কাজের প্রস্তাব পাঠানো হলেও তা বাতিল করা হয়। আমি যোগাযোগ উপদেষ্টার সঙ্গে কথা বলে রাজনগর-বালাগঞ্জ সড়ক ও মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জসহ তিনটি সড়কের প্রজেক্ট পাস করিয়েছি।’
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবাসী বিএনপিনেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক, এম এ মুকিত, মোহম্মদ হেলু মিয়া, আশিক মোশাররফ, ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মতিন বক্স, মোহাম্মদ আব্দুর রহিম রিপন, মনোয়ার আহমেদ রহমান, আনিছুজ্জামান বায়েছ, স্বাগত কিশোর দাস চৌধুরী, মাহমুদুর রহমান, আশরাফুরজ্জামান খান নাহাজ, দূরুদ আহমদ, যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।