বগুড়ায় বিএনপির নেতাকে আজীবন বহিষ্কার

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সান্তাহার পৌর বিএনপির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৮ নভেম্বর সকাল ১১টার দিকে সান্তাহার পৌর ৮ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। এছাড়াও রাজিব খান রানার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থেকে দলের নাম ভাঙিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং সকল পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশীদ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে মাদক কারবার, মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়ে জানতে রাজিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত