বড়দিন উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় প্রাণবন্ত হয়ে উঠেছে প্যারিস

বড়দিন উদযাপনের জন্য প্যারিসের রাস্তাঘাট সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস ট্রি এবং এলইডি বাতি দিয়ে। হাজার হাজার এলইডি লাইটের আলোতে ঝলমল করে ক্রিসমাস ট্রি। যা দেখতে ভিড় করছে স্থানীয় খ্রীষ্টধর্মালম্বীসহ বসবাসরত অভিবাসীরা। ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিনকে ঘিরে এভাবেই বড়দিনের উৎসবে মেতেছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

এই বিশেষ দিনকে কেন্দ্র করে বিভিন্ন বিপনীবিতানগুলো ডিসকাউন্ট অফার চালু করেছে। বি‌শ্বের সকল প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথ‌লিকরা ২৫ ডি‌সেম্বর বড়‌দিন উদযাপন করলেও রাশিয়া, জর্জিয়া, মিশরীয় খ্রিষ্টান, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি ইস্টার্ন ন্যাশানাল চার্চ ৭ জানুয়ারি ক্রিসমাস বা বড়দিন পালন করে থাকে। 

বড়দিন উপলক্ষে সামাজিক আচার অনুষ্ঠানের মধ্যে উপহার প্রদান, গির্জায় উপাসনা, পারিবারিক অনুষ্ঠান, সংগীত, বড়দিনের কার্ড বিনিময়, গৃহসজ্জা, ক্রিসমাস গাছ আলোকসজ্জা, যিশুর জন্মদৃশ্য এবং হলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনীর মাধ্যমে বড়‌দিন উদযাপন ক‌রছে।

এবারে যিশুর কাছে প্রার্থনা পৃথিবীর বিভিন্ন দেশে চলমান যুদ্ধ বন্ধের। পৃথিবী হোক হানাহানি মুক্ত বাসযোগ্য। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডসহ কোনো কোনো দেশে ফাদার কর্তৃক বড়দিন উপলক্ষে ছোটদের জন্য উপহার আনার রূপকথাটি বেশ জনপ্রিয়ভাবে প্রচলিত রয়েছে। 

ক্রিসমাস ডে বা বড়দিনের উৎসবগুলোতে একটি বয়স্ক লোককে উপহার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যার মাথায় বিশেষ এক ধরনের টুপি, শরীরে লাল রঙের বিশেষ পোশাক, আর মুখে সাদা দাড়ি থাকে। একে সান্টাক্লজ বলা হয়। সান্টাক্লজ মূলত খ্রিষ্টধর্মের একটি বিশেষ চরিত্র। তাকে বড়দিনের চেতনার প্রতীক হিসেবে সাব্যস্ত করা হয়।