এক দেশ এক নির্বাচনের পথে ভারত

ভারত নিজেদের এমন এক নির্বাচনী মডেল করতে চাইছে, যেখানে নাগরিকরা একসঙ্গে কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য (ফেডারেল) সরকার নির্বাচিত করার সুযোগ পাবে। অবশ্য দেশটিতে এই ধরনের নির্বাচন পদ্ধতির চেষ্টা এই প্রথম নয়। ১৯৫২ সালে প্রথম নির্বাচন থেকে ভারতে এভাবেই ভোট হয়ে আসছিল। তবে ১৯৬৭ সালে ভারত শেষবারের মতো ‘এক দেশ, এক নির্বাচন’ পদ্ধতিতে ভোট দেয়। অবশ্য সেই সময়ে উত্তর প্রদেশের ভোট হয়েছিল আলাদাভাবে, চার দফায়। দেশটিতে এরপরই জোট রাজনীতি তুঙ্গে ওঠে এবং শেষ পর্যন্ত দেশটিতে একযোগে ভোটের রীতির অবসান ঘটে।

এনডিটিভি লিখেছে, ছয় দশক পর ভারত এখন ‘এক দেশ, এক নির্বাচন’ পদ্ধতি ফের চালু করতে চাইছে। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবে সায় দিয়েছে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে বিল অনুমোদন করেছে। বিলটি পাসের জন্য পার্লামেন্টের চলমান অধিবেশনে তোলা হতে পারে। যুগপৎ ভোট ব্যবস্থা ফেরানোর আগে উচ্চ পর্যায়ের একটি প্যানেল গঠন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন সাবেক প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ। অতীতে ভারতে কীভাবে এমন নির্বাচন পরিচালনা হয়েছিল এবং সেই সময়ে ফাঁকফোকরগুলো কী ছিল তাই কেবল এই প্যানেল খতিয়ে দেখেনি; বিশ্ব জুড়ে কীভাবে এমন নির্বাচন পরিচালিত হয় তা নিয়ে বিস্তৃত গবেষণাও চালিয়েছে। এনডিটিভি লিখেছে, বিশ্বব্যাপী গবেষণার সময় প্যানেলটি সাতটি দেশের ওপর নজর দিয়েছিল, যারা সফলভাবে একযোগে নির্বাচন পরিচালনায় সফলতা দেখিয়েছে। এই সাত দেশ হচ্ছে-দক্ষিণ আফ্রিকা, সুইডেন, বেলজিয়াম, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও জাপান। ওই প্যানেল তাদের অনুসন্ধান এবং নিজেদের প্রস্তাবিত মডেল চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেয়। প্যানেল তার প্রতিবেদনে বলেছে, এ ধরনের নির্বাচনী প্রক্রিয়া রয়েছে এমন দেশগুলোর তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে তাদের কার্যকারিতা বোঝার চেষ্টা করা হয়েছে। সর্বোত্তম আন্তর্জাতিক অনুশীলন শিখতে ও তা গ্রহণ করতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে যুগপৎ নির্বাচন পরিচালনাকারী বিভিন্ন দেশের একাধিক মডেল নিয়ে বোঝাপড়ার চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে দক্ষিণ আফ্রিকা, সুইডেন, জাপান, জার্মানিসহ বিভিন্ন দেশের নির্বাচন পদ্ধতি ও প্রক্রিয়ার বিষদ বিবরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এনডিটিভি বলছে, উচ্চ পর্যায়ের প্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য পরামর্শ দিয়েছেন যে-ভারতের উচিত ‘জার্মানি ও জাপানের মতো মডেল গ্রহণ করা’।