‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রেখে ইতোমধ্যে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। পার করেছেন আট বছর। এখন পর্যন্ত কোনো সিনেমাতেই নেতিবাচক চরিত্রে দেখা যায়নি তাকে।
এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দায় মাতাতে আসছেন তিনি। সিনেমার নাম নাম ‘পিনিক’। এটি নির্মাণ করছেন পরিচালক জাহিদ জুয়েল।
গতকাল সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন বুবলী। সিনেমার প্রযোজক শিমুল খান জানান, এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাঁকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সবগুলোই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।
গেল নভেম্বরে কক্সবাজার ও রামুতে শুরু হয় ‘পিনিক’র শুটিং। সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। আগামী ২২ ডিসেম্বর ‘পিনিক’র বড় অংশের শুটিং শেষ হবে। এরপর গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে নির্মাতা জাহিদ জুয়েলের।
এটি তার প্রথম সিনেমা। এর আগে নাটক ও বিজ্ঞাপন বানিয়েছেন তিনি। পরিচালক জানান, ‘পিনিক’ সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র।
এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমার শুটিং করেছেন বুবলী ও আজাদ।
আগামী বছরের ঈদুল ফিতরে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।