চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৩ বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন যাত্রী। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন।

স্থানীয়দের বরাতে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ জানায়, রবিবার সকালে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশ্যে ছেড়ে আসা আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটি। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ৩ বাস যাত্রীর লাশ উদ্ধার করেন। আহত বাস যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুমিল্লার মুরাদনগর থানার হোসেনতলা গ্রামের মো. নসু মিয়া (৪০)। অপর দুইজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অপর নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।