উন্নয়ন প্রকল্পে অর্থছাড় কমছেই বাস্তবায়নে শঙ্কা

নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পে অর্থছাড় কমিয়ে দিয়েছে। চলছে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় প্রকল্প যাচাই-বাছাই। এর প্রভাব পড়েছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বরে উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের যে তথ্য দেওয়া হয়েছে, এর চেয়ে কম বাস্তবায়নের তথ্য সরকারি কোষেই নেই!

চলতি অর্থবছরের এডিপি থেকে সরকার বড় ধরনের কাটছাঁট করতে চায়, তারই প্রভাব পড়েছে এডিপি বাস্তবায়নে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও কাটছাঁটের প্রভাব পড়েনি বড় বরাদ্দ পাওয়া এলজিইডি ও বিদ্যুতে। বরাবরের মতোই উন্নয়নে পিছিয়ে রয়েছে জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও শিক্ষা খাত।

গতকাল জুলাই-নভেম্বর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে আইএমইডি। তাতে দেখা যায়, পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ১২ দশমিক ২৯ শতাংশ। এর চেয়ে কম এডিপি বাস্তবায়নের তথ্য সংস্থাটির ওয়েবসাইটে নেই। গত এক যুগে এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। পাঁচ মাসে ৩৪ হাজার ২১৪ কোটি টাকা ছাড় হয়েছে, যা ২০১৮-১৯ অর্থবছরের পর সর্বনিম্ন। গত অর্থবছরে ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা ছাড় হয়েছিল এই সময়ে। শুধু গত আগস্ট মাসে অর্থছাড় হয়েছে ১২ হাজার ২৩৬ কোটি টাকা, যেখানে আগের অর্থবছরের নভেম্বর মাসে ছাড় হয়েছিল ১৫ হাজার ১৬৫ কোটি টাকা।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) থেকে প্রায় অর্ধলাখ কোটি টাকা কাটছাঁট হতে পারে। তাই বেশি প্রয়োজনীয় প্রকল্পগুলোতে অর্থছাড় করা হচ্ছে। প্রকল্পের অগ্রাধিকার যাচাই-বাচাই করা হচ্ছে। অনেক প্রয়োজনীয় প্রকল্প মাঝপথে শেষ করে দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের এডিপির আকার ধরা হয় ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি টাকা।

পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, উন্নয়ন প্রকল্পে অর্থছাড় কমিয়ে দেওয়া হয়েছে। কোন প্রকল্পটি বেশি প্রয়োজনীয়, কোনটির প্রয়োজনীয়তা কম তা যাচাই-বাছাই চলছে। প্রকল্পগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতি সংকটের মধ্যে আছে। রাজস্ব আদায়ে ঘাটতি হচ্ছে। ফলে সরকারকে ব্যয় কমাতে হবে। চলতি অর্থবছরের বাজেটে অপচয়মূলক ব্যয় কমানোর অনেক সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সামনে খরচ কমানোর বড় জায়গা হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন বর্তমানে শুরুর পর্যায়ে রয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে এডিপিতে বড় ধরনের কাটছাঁট করলে তেমন কোনো অর্থের অপচয় হবে না। চলতি অর্থবছরে এডিপির আওতায় ১ হাজার ৩২৬টি প্রকল্প আছে।

বিশ^ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘রাজনৈতিক বা প্রশ্নবিদ্ধ প্রকল্পগুলো ফের বিবেচনা করা উচিত। কারণ সরকার আর্থিক সংকটে আছে, রাজস্ব আদায়েও ঘাটতি রয়েছে। সরকারকে ব্যয় কমাতে হবে। ব্যয় কমানোর বড় জায়গা এডিপি। প্রকল্পের গুরুত্ব বিবেচনায় বরাদ্দ দিতে হবে। কারণ এ প্রকল্পের বাস্তবায়ন অনেক এগিয়েছে। যেসব মেগা প্রকল্পের অগ্রগতি ভালো, সেগুলো শেষ করা ভালো হবে। তবে যেসব মেগা প্রকল্পের কাজ শুরু হয়নি বা প্রাথমিক ধাপে আছে সেগুলো বাদ দেওয়া ভালো হবে।’