পেপ গার্দিওলা মেনে নিয়েছেন যে, দলের সাম্প্রতিক পারফরম্যান্স তার শান্তি কেড়ে নিয়েছে। ম্যানচেস্টার ডার্বিতে পরাজয়ে সিটির সংকট আরও গভীর হয়েছে। ম্যাচের ৩৬ মিনিটে গাভার্দিওলের হেডারে ম্যানসিটি এগিয়ে গিয়েছিল। তবু হেরেছে সিটিজেনরা।
৮৮ মিনিটে সিটির খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যান আমাদ দিয়ালো। সেই বল থেকে পেনাল্টি আদায় করে ব্রুনো ফার্নান্দেজ, গোল করে ইউনাইটেডকে সমতায় ফেরান। এরপর দুই মিনিটের মাথায় লিসান্দ্রো মার্তিনেজের লম্বা পাস থেকে সিটির রক্ষণের বিভ্রান্তির সুযোগে গোল করেন দিয়ালো।
গার্দিওলা ম্যাচ শেষে দায় স্বীকার করে বলেন, ‘আমি দলের কোচ হিসেবে যথেষ্ট ভালো নই। আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি।’
গার্দিওলা জানিয়েছেন, সামনের গ্রীষ্মের দল-বদলে বেশ কিছু পরিবর্তন আনা হবে। এই হারের ফলে শিরোপা দৌঁড়ে আরও পিছিয়ে পড়ল তারা। লিভারপুলের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে থাকা সিটির পঞ্চম টানা প্রিমিয়ার লিগ শিরোপা এখন প্রায় অসম্ভব।
সিটি চ্যাম্পিয়নস লিগেও সবশেষ ম্যাচে জুভেন্তাসের কাছে হেরেছে।
ম্যানসিটির দলের খেলোয়াড়দের অনেকের পারফরম্যান্স পড়তির দিকে। ৩৪ বছর বয়সী মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন আর আগের মতো প্রভাব ফেলতে পারছেন না। অবশ্য এর কারণ হিসেবে অনেকে দায়ী করছেন ডি ব্রুইনের ইনজুরি সমস্যাকে। সিটিতে এটি তার শেষ মৌসুম হতে পারে।
কাইল ওয়াকার ও ইকাই গুনদোয়ানের ফিটনেস নিয়েও হচ্ছে সমালোচনা। ফিল ফোডেন ও জ্যাক গ্রিলিশ দুজনেই তাদের সেরা ফর্মে নেই। লিগের শুরুর পাঁচ ম্যাচে ১০ গোল করা আর্লিং হালান্ড, পরের ১১ ম্যাচে মাত্র ৩ গোল করেছেন।
গার্দিওলা দুই বছরের নতুন চুক্তি সই করেছেন কিছুদিন আগে। তিনি সিটির এই কঠিন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু দলের সাম্প্রতিক পারফরম্যান্স অচেনা বাস্তবতার দিকে ঠেলে দিয়েছে গার্দিওলাকে। সিটির ভবিষ্যৎ পুনর্গঠন করতে হলে গার্দিওলার নতুন উদ্যমে কঠোর পরিশ্রম করার বিকল্প নেই।