প্যারিসে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর আমাদের বিজয়কে ভারত ছিনতাই করার অপচেষ্টা চালিয়েছিল যা বাংলাদেশের আপামর দেশপ্রেমিক জনগণ প্রতিহত করেছে।

বিএনপি ফ্রান্স শাখার আয়োজনে বিজয় দিবস আলোচনা সভায় এসব কথা বলেন লন্ডন থেকে টেলিকনফারেন্সে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

ফ্রান্স শাখা বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজয় একটি দিনের অর্জন নয় এটি চলমান প্রক্রিয়া। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ কোনো বিশেষ দলের নেতৃত্বে হয়নি। এদেশের আপামর জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণপন লড়াই এর মধ‍্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। তাই ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে ইতিহাসে জনযুদ্ধ হিসেবেও আখ‍্যায়িত করা হয়েছে।

বক্তরা আরও বলেন, তৎকালীন সময়ে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষাবলম্বন করে যুদ্ধের ঘোষণা না দিলে বাংলাদেশ নামের রাষ্ট্রের কল্পনাও করা যেত না।

বক্তারা বলেন, ফ্যাসিস আওয়ামী লীগ বাংলাদেশকে বার বার ব্যর্থ রাষ্ট্র ও বাংলাদেশের অর্জনকে নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত থাকে। ভারতে বসে বাংলাদেশের জন্য ষড়যন্ত্র করছে খুনি হাসিনা। বাংলাদেশের জনগণ সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রান্স সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আযাদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোহাম্মদ মাহবুব হোসাইন, বিএনপি নেতা শাহ জামাল, এম এ রশীদ পাটোয়ারী, সাইফুল ইসলাম, প্রফেসার তাসলিম উদ্দিন, রহিম উদ্দিন, মিয়া আব্দুর রহিম, আব্দুল মালেক, ফারুক আহমেদ ও জাহিদুল ইসলাম শিপার প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ মাতৃকার জন্য দোয়া করে এবং ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।