ভারতের আইপিএলের নিলাম মানেই যেন বাড়তি উত্তেজনা। স্বীকৃত তারকাদের ছাড়াও নিলামগুলো মাত করেন মাত্র ক্যারিয়ার শুরু করা বয়সভিত্তিক তরুণরাও। সৌদি আরবে হয়ে যাওয়া পুরুষ আইপিএলের নিলামে ১৩ বছরের বৈভব সূর্যবংশীর পর এবার নারীদের আইপিএলে কোটিপতি বনে গেছেন ১৬ বছরের জি কমলিনি।
বৈভবের মতো তিনিও বর্তমানে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। দুজনেই ওপেনার, তবে জি কমলিনি একজন উইকেটকিপার ব্যাটার। রবিবার বেঙ্গালুরুতে হয়েছে নারী আইপিএলের নিলাম। সেখানে ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের কমলিনিকে ১ কোটি ৬০ লাখ রুপিতে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ানস।
মাত্র ১৬ বছর বয়সেই এই ক্রিকেটার ভারতের নারী ক্রিকেটে নজর কেড়েছে। তামিলনাড়ুর মেয়ে কমলিনী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বাধিক রান করেছে। আটটি ম্যাচে ৩১১ রান করেছে সে। মেরেছেন ১০টি ছক্কা। তামিলনাড়ুকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল কমলিনীর।
বর্তমানে চলমান রয়েছে নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সেখানে প্রথম ম্যাচে গতকালই পাকিস্তানের বিপক্ষে ২৯ বলে ৪৪ রানের ম্যাচসেরা ইনিংস উপহার দিয়েছেন তিনি। তার বেড়ে ওঠা অবশ্য চেন্নাই সুপার কিংসের একাডেমিতে।