মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে চাঁদা দাবি, ভুয়া সাংবাদিক আটক

নাটোরে মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করায় নাহিদুল ইসলাম নাহিদ নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত রবিবার দুপুরে সদর উপজেলার লেংগুড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত আরও ৪ ভুয়া সাংবাদিকের নামে মামলা হয়েছে। তারা হলেনÑ নাছিমুর ইসলাম নাসিম, তানিয়া খাতুন, হাসান আলী সোহেল, আবুল বাশার।

জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার চাঁদপুর ও লেংগুড়িয়া এলাকায় দুই মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে ভুয়া মুক্তিযোদ্ধা বলে আখ্যায়িত করে চক্রটি। পরে তাদের ৫০ হাজার টাকা চাঁদা না দিলে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেয়। এরপর গত রবিবার লেংগুড়িয়া এলাকায় সেই চাঁদার টাকা আনতে গেলে ভুক্তভোগী ও এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় এশিয়ান টেলিভিশনের লোগো সংবলিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ভুক্তভোগী আকলিমা খাতুন বলেন, ‘আমার বাবার মুক্তিযোদ্ধার সনদ ভুয়া বলে তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে আমার ছাগল বিক্রি করে ৯ হাজার টাকা দেব বলে জানাই। সেই টাকা নিতে এসেছিল। আমি এদের শাস্তির দাবি জানাই।’

নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, ‘খবর পেয়ে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আরও চার ভুয়া সাংবাদিককে আসামি করা হয়েছে।’