আসন্ন বিশ্ব ইজতেমা কেন্দ্র করে মাওলানা সা’দ ও জুবায়েরপন্থিদের মধ্যে বিরোধ থামছেই না। ২০ ডিসেম্বর থেকে মাওলানা সা’দপন্থিরা ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করতে চায়। সরকারি অনুমতি না থাকায় জুবায়েরপন্থিরা সা’দপন্থিদের জোড় ইজতেমার বিরোধিতা করে আসছে।
জোড় ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে এবার সা’দপন্থিদের শীর্ষ মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গত রবিবার টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন শূরায়ে নেজামের (জুবায়েরপন্থি) মোহাম্মদ হোসেন নামে এক সাথী। গতকাল সোমবার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পার্শ্ববর্তী স্টেশন রোড মোড়ে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালনরত শূরায়ে নেজামের তত্ত্বাবধানে তাবলিগের সাথী ও তাওহিদী ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে তাদের চলমান নোহা গাড়ি অত্যন্ত দ্রুততার সঙ্গে চাপা দিয়ে হত্যার অপচেষ্টা করে সাথীদের ওপর গাড়ি তুলে দেয়। এতে সাঈদ আহমদকে (২০) গাড়ির নিচে চাপা দিতে চাইলে তিনি দ্রুত সরে পড়ার সময় গাড়ির সামনের ধারালো স্টিলের আঘাতে মারাত্মক জখম হন।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে জুবায়েরপন্থিরা ২০১৮ সালের ইজতেমায় দুই মুসল্লি নিহতের ঘটনায় সা’দপন্থিদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।