ব্রিসবেন টেস্টে ভারতকে ভালোই চেপে ধরেছে অস্ট্রেলিয়া। তবে বৃষ্টির পর এবার আরেকটি দুঃসংবাদ হানা দিয়েছে অজি শিবিরে। এই টেস্টের বাকি সময়ে একজন বোলার কম নিয়েই খেলতে হতে পারে তাদের। চতুর্থ দিন মাত্র এক ওভার বল করেই অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন জশ হ্যাজেলউড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সকালের ওয়ার্ম আপের সময়েই পায়ের কাফ মাসলে অস্বস্তির কথা জানান হ্যাজেলউড। ইনজুরির অবস্থা নির্ণয়ে তাকে স্ক্যান করতে নেওয়া হয়েছে।’
এর আগে সাইড স্ট্রেইনের কারণে অ্যাডিলেড টেস্ট খেলতে পারেননি তিনি। অবশ্য ব্রিসবেন টেস্ট জিততে বৃষ্টি বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগের দিন বিপর্যয়ের পরে ভারত। ৪ উইকেটে ৫১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে প্রথম সেশনেই ১১৬ রান তুলে নেয় সফরকারীরা। বৃষ্টিতে খেলা থামার আগে ৬ উইকেটে ১৮০ রান তুলেছে তারা। ৮৪ রানের প্রতিরোধী ইনিংস খেলে থেমেছেন লোকেশ রাহুল।