কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের মধ্যে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। স্থানীয় সময় গত সোমবার দেশটির পার্লামেন্টে বার্ষিক বাজেট উত্থাপনের কয়েক ঘণ্টা আগে ট্রুডোর কাছে লেখা এক চিঠিতে ফ্রিল্যান্ড পদত্যাগের ঘোষণা দেন।
চিঠিতে তিনি কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ট্রুডোর সঙ্গে তার মতবিরোধের কথা লিখেছেন। এমনকি ট্রাম্পের ‘আগ্রাসী অর্থনৈতিক জাতীয়তাবাদ’ নীতির কারণে কানাডা গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে এমন ইঙ্গিতও দিয়েছেন। বিবিসি বলছে, ফ্রিল্যান্ডের এ পদক্ষেপ ট্রুডোর নড়বড়ে সংখ্যালঘু সরকারকে খাদের কিনারায় ঠেলে দিতে পারে। জরিপ বলছে, লিবারেল নেতার সমর্থনের হার এ বছর জুনের ৬৩ শতাংশ থেকে কমে ২৮ শতাংশে নেমে এসেছে।
সংবাদমাধ্যমটি বলছে, ট্রুডো গত সপ্তাহে ফ্রিল্যান্ডকে বলেছিলেন, তাকে সরকারের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার পদে আর দেখতে চান না। এ জন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এদিকে সোমবার ফ্রিল্যান্ডের পদত্যাগের পর লিবারেল পার্টির পাঁচ এমপি প্রকাশ্যে ট্রুডোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
ফিল্যান্ডের পদত্যাগের কারণে কানাডার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদরাও সতর্ক করেছেন।
ফ্রিল্যান্ডের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে নতুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক। শৈশব থেকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু লেব্ল্যাঙ্ক তার অন্যতম বিশ্বস্ত মিত্র। পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড বলেছেন, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্কের হুমকি মোকাবিলায় কানাডাকে মূলধন প্রস্তুত রাখতে হবে। তিনি বলেন, এর অর্থ হচ্ছে ‘ব্যয়বহুল রাজনৈতিক গিমিক এড়িয়ে যাওয়া’ যা কানাডার পক্ষে বহন করা সম্ভব নয়। এর আগে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি কানাডা থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এমন হুমকির পর দ্রুত যুক্তরাষ্ট্রে যান ট্রুডো। তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রাম্পের ওই ঘোষণাকে ফ্রিল্যান্ড ‘হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, বিষয়টি কানাডার ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ নেওয়া দরকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জাতীয়তাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এসব শুল্ক হুমকির জবাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় প্রস্তাবিত একাধিক নীতি নিয়েও ফ্রিল্যান্ড ও ট্রুডোর মধ্যে মতবিরোধ ছিল। ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ছিলেন কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী। ২০২০ সালে ট্রুডো তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন।