কামরান তানভিরুর রহমান ২০২৫ সালের জন্য মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকার সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। হাবিবুল্লাহ এন করিম জ্যেষ্ঠ সহসভাপতি এবং সিমিন রহমান সহসভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।
গত ২৬ নভেম্বর এমসিসিআইয়ের নতুন পর্ষদের প্রথম সভায় সদস্যরা সর্বসম্মতিক্রমে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করেন। এরপর গতকাল মঙ্গলবার এমসিসিআইয়ের ১২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদন করা হয়।
এমসিসিআইয়ের সভাপতি কামরান তানভিরুর রহমান বাংলাদেশের পাট ও চা খাতের একজন নেতৃস্থানীয় উদ্যোক্তা। তিনি পূবালী জুট মিলস লিমিটেড এবং কাপনা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
এমসিসিআইয়ের সহসভাপতি সিমিন রহমান ট্রান্সকম লিমিটেডের গ্রুপপ্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ট্রান্সকম গ্রুপের আওতাধীন সব প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন।