কোটালীপাড়ায় চার্চের খাবার খেয়ে ১৬৩ জন অসুস্থ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চার্চের দেওয়া প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ১৬৩ জন শিশু-কিশোর। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি চার্চে প্রাক-বড়দিনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৯ শিশু-কিশোর। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

জানা গেছে, কান্দি চার্চে (চার্চ অব বাংলাদেশ) সকাল ৯টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব শিশু-কিশোরকে দুপুর ২টার দিকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানি বাড়িতে নিয়ে শিশু-কিশোররা খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরবর্তী সময়ে অসুস্থ শিশু-কিশোরদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অভিভাবকরা।

কান্দি চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, ‘ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট আনা হয়। এই বিরিয়ানি খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।’ এ বিষয়ে জানার জন্য ধারাবাশাইল বাজারের হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, ‘সোমবার সন্ধ্যা থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানাজনিত সমস্যা নিয়ে শিশু-কিশোররা আসতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগীদের চাপ বাড়তে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, খাবার খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়েছে।