মহান বিজয় দিবসের ৫৩তম বর্ষপূর্তি উদযাপন করেছে ফ্রান্সের প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস। এই উপলক্ষে প্যারিস ১৬ এর অভিজাত টাউন হলে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে সবার কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সংগীত, যা পুরো আয়োজনকে এক হৃদয়গ্রাহী আবহে আবৃত করে।
শহীদ মুক্তিযোদ্ধা, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার শান্তি কামনা, গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তিনি বলেন, ১৯৭১ সালের বিজয় আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠ অর্জন। আমরা অনেক ত্যাগের বিনিময়ে এই বিজয় অর্জন করেছি। বিজয়ের এই দিনে ই-পাসপোর্ট এবং ওয়েজ কল্যাণ বোর্ডের সদস্যপদ আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি আনন্দিত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, দূতাবাসের মিশন উপ-প্রধান কাজী এহসানুল হক, কমার্শিয়াল কাউন্সিলর মো. মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্রান্স শাখার সভাপতি সৈয়দ সাইফুর রহমান ও বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ। এ ছাড়া ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অংশগ্রহণে বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম।