প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, যুগান্তকারী রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট কেবল সংবিধানকে রক্ষা করেনি, জনগণের অধিকার ও স্বাধীনতাকেও সমুন্নত রেখেছে। মৌলিক অধিকারের পবিত্রতা রক্ষা থেকে শুরু করে নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা পর্যন্ত সুপ্রিম কোর্ট নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে প্রাচীর হিসেবে কাজ করছে।
গতকাল বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস-২০২৪ উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, ‘বাংলাদেশের সুপ্রিম কোর্ট ন্যায়বিচার, সমতা ও সাংবিধানিক শাসনের প্রহরী হিসেবে দাঁড়িয়েছে।’
বক্তব্যে প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগ সংস্কারে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ‘সংস্কারের পথ সহজ বা তাৎক্ষণিক নয়। তবুও জুরিস্ট এবং আইনের অভিভাবক হিসেবে আমাদের অবশ্যই দৃঢ় সংকল্পের সঙ্গে চ্যালেঞ্জটি নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. আশফাকুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট দিবস উদযাপনসংক্রান্ত জাজেস কমিটির সদস্য ও হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।