ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উন্নতমানের ৬ হাজার ১১০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্ত দিয়ে ভারত হতে যেকোনও প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন বদ্ধ পরিকর। অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়নের অভিযান চলমান থাকবে।