নেতার পরিবর্তন হয়েছে, নীতির নয়: ফয়জুল করীম

৫ আগস্টের আগে যে চাঁদাবাজি ও দুর্নীতি ছিল তা বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, আগে চাঁদাবাজি করত সেন্টু এখন করে মেন্টু। ঘুষ ও দুর্নীতির পরিবর্তন হয়নি শুধু লোকের পরিবর্তন হয়েছে। নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি।

তিনি বলেন, ৪ আগস্ট শাহবাগ চত্বরের বক্তব্যে আমি বলেছিলাম ৫ আগস্ট গণভবন হবে জনগণের। মহান আল্লাহ তায়ালা সেটা কবুল করেছেন। ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিস্টদের চক্রান্তে কেউ পা দেবেন না। ছাত্র-জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। ক্ষমতার হাত পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি। ইসলামিক দল ছাড়া নীতির পরিবর্তন করা সম্ভব নয়। ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনাকে বিতারিত করেছি আর কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবেন না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ আছর বগুড়ার শেরপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড মহাসড়কে ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার আয়োজনে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পলায়নকারী শাসক গোষ্ঠী কখনো সোনর বাংলা, কখনো ডিজিটাল বাংলা গড়ার কথা বলে কোটি কোটি টাকা লুটপাট করেছে। তাদের কেউই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে নাই। আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যারা ক্ষমাতায় ছিল সবাই মুদ্রার এপিট-ওপিট। 

তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণবিপ্লবে ফ্যাসিস্টকে সরানো হয়েছে। বৈষম্য যায়নি। তাই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনায় শান্তি ফিরে আসবে। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দেয়ার আহবান আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সভাপতি মাও. মোকাল্লেম হোসেন ওসমানীর সভাপতিত্বে মুফতি ফাহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মাও. আ ন ম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাও. মুফতী মুহিব্বুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বগুড়া জেলা সভাপতি মাও. আব্দুল মতিন, শেরপুর শাখার সহ-সভাপতি আলহাজ্ব ইমরান কামাল, যুব আন্দোলনের সভাপতি এম আলিফ হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাও. আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ।