বাংলাদেশ ফুটবল দলে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। আজ এক ইন্সটাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন হামজা নিজেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজার এক ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে জানান দিয়েছে এই খবর।
হামজার সতীর্থ হতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা ভীষণ রোমাঞ্চিত। জাতীয় দলের সর্বশেষ ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণ মনে করেন হামজার সংযুক্তিতে দলের শক্তি যেমন বাড়বে, সেই সঙ্গে সারা দেশজুড়েই ফুটবল নিয়ে একটা উন্মাদনার সৃষ্টি হবে।
তপু দেশ রূপান্তরকে বলেন, 'এটা দারুণ একটা অনুভূতি। সে অনেক অভিজ্ঞ ও সবচেয়ে শক্তিশালী লিগে খেলা খেলোয়াড়। বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক ব্যাপার হবে। আমি অনেক বেশি রোমাঞ্চিত। হামজা যেই পর্যায়ে খেলে, সেটা আমাদের খেলোয়াড়দের জন্য স্বপ্নের মতো। তাই তার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা ও খেলা বিশাল ব্যপার। হামজা যখন বাংলাদেশের জার্সিতে খেলবে তখন সারা দেশজুড়ে একটা উন্মাদনা সৃষ্টি হবে। গত কয়েক বছর ধরেই হামজাকে ঘিড়ে ফুটবলভক্তদের মধ্যে যে আগ্রহ দেখেছি, তাতে আমার বিশ্বাস দেশের ফুটবলেই একটা ইতিবাচক প্রভাব পড়বে।'
ব্যক্তিগত কারণে এখন ডেনমার্ক আছেন নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। সেখান থেকেই হামজাকে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় দেশ রূপান্তরকে তিনি জানান, 'আমাদের জন্য এটা অনেক আনন্দের খবর। এমন একটা খবরের জন্য দেড় বছরের বেশি সময় ধরে অপেক্ষায় ছিলাম। সে আমাদের দলের জন্য অনেক বড় শক্তি হয়ে আসছে, তাতে দলও ভীষণভাবে উজ্জীবিত হবে। আমি তো চাই তাকে মার্চেই সঙ্গী হিসেবে পেতে। ভারতের বিপক্ষে ২৫ মার্চ ম্যাচে সে দলের হয়ে খেললে দারুণ হবে।'
জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেছেন, 'এটা অত্যন্ত খুশির খবর বাংলাদেশের ফুটবলের জন্য। এতে দলের শক্তি অবশ্যই বাড়বে। তাকে আমাদের খেলোয়াড়রা কতটুকু সহায়তা করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। ফুটবলে সবাইকে সবার সমর্থন প্রয়োজন।'