লঙ্কা টি-টেনে চ্যাম্পিয়ন সাব্বিরের বাংলা টাইগার্স

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কা টি-টেন সুপার লিগের প্রথম আসরের ফাইনালে ২৬ রানের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাম্বানটোটা বাংলা টাইগার্স। জাফনা কিংসের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৩ রান তোলে টাইগার্স। জবাবে টম অ্যাবলের অপরাজিত ৫৪ রানের ইনিংসও জাফনাকে হার এড়াতে পারেনি। 

বাংলা টাইগার্সের ইনিংসে সাব্বির রহমান শুরুটা করেছিলেন আগ্রাসী ব্যাটিংয়ে। মালশা থারুপাতির প্রথম দুই বলে পরপর ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও তৃতীয় বলেই টম কোহলার-ক্যাডমোরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৮ বলে ১৬ রান করেন সাব্বির। টাইগার্সের হয়ে সর্বোচ্চ ২৬ রান এসেছে মোহাম্মদ শাহজাদ ও শেভন ড্যানিয়েলের ব্যাট থেকে। অধিনায়ক দাসুন শানাকা করেন ২১ রান। 

জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যে নেমে কোহলার-ক্যাডমোর ও কুশল মেন্ডিস ভালো শুরু করলেও দ্রুত ব্যাটিং বিপর্যয়ে পড়ে জাফনা। ইংলিশ পেসার রিচার্ড গ্লিসনের আগুন ঝরানো বোলিংয়ে ২১ রানে ৩ উইকেট হারায় দলটি। গ্লিসন ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। 

অন্যপ্রান্তে টম অ্যাবল ২৭ বলে ৫৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামলাতে পারেনি জাফনা। শানাকা বল হাতেও ছিলেন দুর্দান্ত, ৪ রান দিয়ে নেন ২ উইকেট। 

কদিন আগেই জিম-আফ্রো টি-টেন লিগে চ্যাম্পিয়ন হওয়া বাংলা টাইগার্স এ জয়ে নিজেদের শিরোপার ধারা বজায় রাখল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত