বক্সিং ডে টেস্টে নতুন মুখ কনস্টাসে আস্থা অস্ট্রেলিয়ার

ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকে অস্ট্রেলিয়া টেস্ট দলে আরেকজন থিতু ওপেনারের সংকট যেন কাটছেই না। মাঝে স্টিভেন স্মিথ কছিুদিন দায়িত্ব পালন করলেও সফল হননি। এবারের বোর্ডার-গাভাস্কার সিরিজে অজিরা সেই দায়িত্বে আনকোড়া অভিষিক্ত নাথান ম্যাকসুয়েনিকে। সিরিজের তিন ম্যাচশেষে আবার নতুন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্কোয়াডে ম্যাকসুয়েনির বদলে ঘরোয়া ভালো করা স্যাম কনস্টাসকে নিয়েছে দেশটির নির্বাচকরা।

পার্থে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হওয়া ম্যাকসুয়েনি এ পর্যন্ত তিন টেস্টে ১০, ০, ৩৯, ১০*, ৯ এবং ৪ রান করেছেন। তার জায়গায় দলে এসেছেন ১৯ বছর বয়সী নিউ সাউথ ওয়েলস ওপেনার স্যাম কনস্টাস। সিরিজের আগে ডেভিড ওয়ার্নারের খালি জায়গা পূরণের জন্য কনস্টাসের নামও উঠে এসেছিল, কিন্তু ম্যানেজমেন্ট শুরুতে ম্যাকসুয়েনিকেই বেছে নিয়েছিল।

গত মাসে ভারত এ-র বিপক্ষে অপরাজিত ৭৩ রান এবং প্রধানমন্ত্রীর একাদশের পিঙ্ক-বল ওয়ার্ম-আপ ম্যাচে ১০৭ রান করে কনস্টাস দলে এসেছেন। এরপর এই মাসের শুরুতে নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডে ৮৮ রান করেন। মাত্র তিন দিন আগে সিডনী থান্ডারের হয়ে বিগ ব্যাশ লিগে ২৭ বলে করেছেন ৫৬ রান।

তাকে দলে নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘স্যাম প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেল। তার ব্যাটিং স্টাইল একটি ভিন্নতা যোগ করবে এবং আমরা তার খেলার উন্নতি দেখতে আগ্রহী।’ একই সঙ্গে ম্যাকসুয়েনির প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি,  'আমরা বিশ্বাস করি ন্যাথানের ভবিষ্যতে টেস্ট লেভেলে সফল হওয়ার ক্ষমতা ও মানসিক শক্তি আছে। তাকে দল থেকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল। সিরিজ জুড়ে ওপেনিংয়ে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ ছিল এবং পরবর্তী দুই ম্যাচের জন্য আমরা ভিন্ন লাইনআপের বিকল্প রাখতে চাই।'

জস হ্যাজেলউড বাদ পড়ায় অস্ট্রেলিয়া দলে ফিরিয়ে এনেছে ফাস্ট বোলার শন অ্যাবট এবং বো বেবস্টারকে। দলে যোগ করেছে ঝাই রিচার্ডসনকেও, 'জশের অনুপস্থিতিতে ঝাই ফাস্ট বোলিং বিভাগে আরও বিকল্প যোগ করবে। ঘরোয়া সিরিজের শুরুতে তার সফল রিটার্ন দেখে খুশি হয়েছি।'