ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের নায়ক জাকের আলী অনিক। ৪১ বলে ৩ চার ও ৬ ছক্কায় খেলেছেন অপরাজিত ৭২ রানের ইনিংস। সফল হয়েছে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার মিশন। অথচ, ব্যক্তিগত ১৮ রানেই জাকেরের ইনিংস থেমে যেতে পারত। একটি ভুল বোঝাবুঝির কারণে তিনি ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন, পরে তাকে ডেকে আনেন আম্পায়ার।
ঘটনা বাংলাদেশের ইনিংসের ১৫তম ওভারের। রোস্টন চেজের করা তৃতীয় বলটিতে ২ রান নিতে চেয়েছিলেন জাকের। কিন্তু দ্বিতীয় রান নেওয়ার সময় শামীম পাটোয়ারী সাড়া দেননি। ফলে দুজনেই চলে যান একপ্রান্তে। রাগে গজরাতে গজরাতে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন জাকের। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, জাকের যখন অন্য প্রান্তে পৌঁছে গেছেন, তখন সেই প্রান্তে থাকা শামীমের ব্যাট ছিল মাটির ওপরে!
রিপ্লে দেখেই পরিস্কার হয়ে যায়, জাকের আউট নন। আসলে করে আউট হয়েছেন ২ রান করা শামীম। ততক্ষণে জাকের ড্রেসিংরুমে চলে গেছেন। তাকে ডেকে এনে শামীমকে ড্রেসিংরুমে ফেরত পাঠান আম্পায়ার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রান-আউটের এই ঘটনা নিয়ে জাকের বলেন, ‘এটা ভয়বহ ভুল বোঝাবুঝি হয়েছিল। ড্রেসিংরুমে গিয়ে আমি নিজেকে, ব্যাটে এবং আশপাশে যা কিছু ছিল, সবকিছুতে লাথি মারছিলাম!’
জাকের আরও বলেন, ‘তখনই তাৎক্ষণিকভাবে থার্ড আম্পায়ার (ফোর্থ আম্পায়ার) আমাকে ডেকে নিল। এরপর আমার কারণে আরও একটি রান-আউট হয়েছে (শেখ মেহেদী)। নিজেকে লাথি মারার ইচ্ছা হচ্ছিল আমার এবং সে সময় আমি ভেঙেও পড়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ। এরপর আমি দলের জন্য রান করার সুযোগ পেয়েছি এবং তাদের (শামীম ও মেহেদী) রানও করতে পেরেছি।’
জাতীয় দলের অধিনায়ক হতে রাজি লিটন দাস
প্রতিপক্ষের প্রতি মানবিক আচরণে প্রশংসায় ভাসছেন জাকের
বছর শেষে র্যাঙ্কিংয়ের চূড়ায় আর্জেন্টিনা, পাঁচ নম্বরে ব্রাজিল