নেপালকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

কদিন আগেই বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপের টানা দ্বিতীয় শিরোপা ঘরে এনেছে বাংলার যুবারা। আজ এশিয়া কাপের আরও একটি ফাইনালে ওঠা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। মালয়েশিয়ায় চলমান অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। 

গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠেছিল নেপাল। প্রতিকূল আবহাওয়ায় এদিন ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১১ ওভারে। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৫৪ রান তোলে হিমালয় কন্যারা। জবাবে ১ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আগামী রবিবার ভারতের বিপক্ষে আসরের ফাইনাল ম্যাচে শিরোপা লড়াইয়ে নামবে বাংলার তরুণীরা। 

নেপালের আট উইকেটের চারটিই এসেছে বাংলাদেশের ফিল্ডারদের দক্ষতায়। এ রান আউটগুলো ছাড়া বাকি চার উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা শোভা, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম।

লক্ষ্য তাড়ায় ৪৪ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ছোঁয়া ও ইভা। ২১ বলে ১৮ রানে ইভা আউট হলেও অপরাজিত ছিলেন ছোঁয়া। করেন ৩ চারে ৩২ বলে ২৬ রান। সুমাইয়ার ব্যাটে আসে ৬ বলে ১০ রানের ইনিংস।