দাপুটে বাংলাদেশে প্রথমবার হোয়াইটওয়াশড উইন্ডিজ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম

সিরিজ জেতা হয়ে গিয়েছে। বাকি ছিলো তিনে তিন পুর্ণ করার কাজ। সেখানেও ঘাটতি রাখলেন না জাকের-রিশাদরা। ওয়েস্ট ইন্ডিজের মাঠে তাদেরকেই প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে বছরের শেষ দায়িত্ব সূচারুরূপে সম্পন্ন করেছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ যেন আরও দাপুটে। জয়ের ব্যবধান ৮০ রানের।

বোলারদের কাজটা আগেই সহজ করে দিয়েছিলেন জাকের আলী। তার ক্যারিয়ারসেরা অপরাজিত ৭২ রানে দুর্দান্ত ইনিংসের কল্যাণে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। আগের দুই ম্যাচে কম পুঁজি নিয়ে যেমন দাপট দেখিয়েছিলেন বোলাররাও, আজও করেন সেই কাজ।

৬০ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের স্বীকৃত পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দেন তাসকিন-মেহেদি-রিশাদরা। ম্যাচের ভাগ্য ততক্ষণে চূড়ান্ত হয়ে গেছে। বাকি সময়টুকু ছিল ইনিংস শেষ হওয়ার অপেক্ষা।

হিম হিম শীত পাশ কাটিয়ে ভোর থেকে দেশের ক্রিকেটের যেসব সমর্থকেরা হোয়াইটওয়াশ দেখার অপেক্ষায় স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করে ছিলেন, তাদের একদম হতাশ হতে হয়নি। রোমারিও শেফার্ড ও গুডাকেশ মোতির ৩৫ রানের জুটি সেই আনন্দ কিছুটা বিলম্ব অবশ্য ঘটায়। তবে এর পর তাসের ঘরের মতো ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ২০ বল বাকি থাকতে ১০৯ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।

আগের দুই ম্যাচে ৭ ও ২৭ রানের পর এবার ৮০ রানের বিশাল জয়ে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। রিশাদ ভাগে নেন ৩ উইকেট। জোড়া শিকার ধরেন তাসকিন ও মেহেদি। তানজিম ও হাসানের নামের পাশে ১টি করে উইকেট। রোমারিওর ২৭ বলে ৩৩ রানই ক্যারিবীয় ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

ক্যারিয়ারসেরা ইনিংসে ম্যাচসেরা হন জাকের আলী অনিক। দুর্দান্ত বোলিংয়ে সিরিজসেরার পুরস্কার উঠেছে শেখ মেহেদি হাসানের হাতে। ৩ ম্যাচে তার শিকার ৮ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত