হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শোক

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস শোক প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, হাসান আরিফের মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা তার শোকবার্তায় বলেন, হাসান আরিফের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এ ছাড়া হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অনেকেই শোক জানিয়েছেন।

এর আগে হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার বিকেলে হাসান আরিফকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।