আগুনে পুড়ে ছাই দোকানঘর

বরগুনার তালতলীতে রাইদা ভ্যারাইটিজ স্টোর নামে একটি দোকানঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার কবিরাজপাড়া বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, কবিরাজপাড়া বাজারের একটি বড় দোকানঘরে মুদি, মনোহরী, হার্ডওয়্যারসহ নানা ধরনের ব্যবসা পরিচালনা করে আসছিলেন রাইদা ভ্যারাইটিজ স্টোরের মালিক সজল হাওলাদার। তিনি প্রতিদিনের মতো মালপত্র গুছিয়ে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি চলে যান। ভোরের দিকে আগুনের খবর পেয়ে ছুটে এসে দেখেন তার ব্যবসা প্রতিষ্ঠান সবটাই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তাপে ঘরের ওয়ালও ফেটে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।