২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ শিক্ষার্থীকে শিক্ষা অনুদান দেওয়া হয়েছে। টুঙ্গীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস সুপার মার্কেটের মিলনায়তনে এসব বিতরণ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বক্তব্য দেন। পরে টুঙ্গিপাড়ার ১৮ প্রাথমিক বিদ্যালয় ও আট মাদ্রাসার ৫০০ শিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ শিক্ষার্থীকে ৮ লাখ টাকা শিক্ষা অনুদান দেওয়া হয়।