বাজারে যাওয়ার পথে কৃষককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বারী শেখ (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বহুলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বারী শেখ সদর উপজেলার বহুলী গ্রামের হাজী আবদুর রহমানের ছেলে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া জানান, কিছুদিন আগে বহুলী গ্রামের নুরনবী জোর করে বারী শেখের জমি দখল করে নেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বহুলী বাজারের দিকে যাওয়ার পথে বারী শেখের ওপর হামলা চালায় নুরনবী ও তার লোকজন। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন,  এ ঘটনায় এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।