চাল ছিনতাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা!

যশোরের শার্শায় ভিজিডির (হতদরিদ্রদের জন্য বরাদ্দ) চাল ছিনতাইয়ের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ তিন নেতার পদ স্থগিত এবং কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে। ঘটনার এক দিন পর গতকাল শুক্রবার রাতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া তিনজন হলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন এবং সদস্য রনি হোসেন ও ফারুক হোসেন পাটোয়ারী। আগামী তিন দিনের মধ্যে তাদের সশরীরে উপস্থিত হয়ে জেলা কমিটির কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম বলেন, শার্শা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ তিন নেতার নামে সংবাদমাধ্যমে চাল ছিনতাইয়ের অভিযোগে খবর প্রকাশ হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের পদ স্থগিত ও শোকজ করা হয়েছে। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে; অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নাম ব্যবহার করে কেউ সুবিধা নিতে চাইলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রবিউল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার কয়েকজন নারী বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে তাদের মারধর করে ২০ বস্তা চাল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ওই ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী তাছলিমা খাতুন থানায় মামলা করেন।

ওই মামলার এজাহারে বলা হয়, দুপুরে ভিজিডির চাল নিয়ে তাছলিমাসহ টেংরা উত্তরপাড়ার হাজিরা বেগম, সাতমাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরও কয়েকজন নারী বাড়ি ফিরছিলেন। পথে নাভারন-সাতক্ষীরা সড়কে বাগআঁচড়ার ইসমাইল হোসেনের চাতালের সামনে একদল যুবক তাদের চালের বস্তাগুলো ভ্যান থেকে নামিয়ে নেয়। এ সময় তাদের মারধর করা হয়।

এজাহারে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন চাতাল মালিক ইসমাইল হোসেনের দুই ছেলে মাসুদ ও রনি, বাগআঁচড়া সাতমাইল এলাকার সুরত আলীর ছেলে উজ্জ্বল হোসেন, বাগআঁচড়া হলপট্টি এলাকার ফয়েজ পাটোয়ারীর ছেলে ফারুক হোসেন এবং একই এলাকার প্রয়াত আব্দুল মজিদের ছেলে তহিদ হোসেন।

এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও থানায় করা অভিযোগে তার নাম উল্লেখ করেননি তাছলিমা খাতুন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে আমি জড়িত নই। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হচ্ছে।’

শার্শা থানার ওসি মো. আমির আব্বাস বলেন, চাল ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনের নামে থানায় মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৩ বস্তা চাল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।