২৫ সালের মধ্যেই নির্বাচন চায় জামায়াত

প্রয়োজনীয় সব সংস্কার শেষ করে ২০২৫ সালের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করবেন। এ দেশের জনগণ দ্রুত তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। মানুষ ভোট দিতে চায়।’ গতকাল শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম সদরের এইচ জে পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

দীর্ঘ প্রায় ১৯ বছর পর উপজেলা জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রামে এভাবে প্রকাশ্যে সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

শেখ হাসিনা আর কোনোদিন দেশে আসতে পারবেন না উল্লেখ করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ইতিহাস বলে ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর কখনোই ফিরে আসে না। তাই শেখ হাসিনাও আর কোনোদিন এ বাংলার মাটিতে ফিরে আসবেন না। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এলে কারও ওপর জুলুম করব না। থাকবে না কোনো অন্যায়-অত্যাচার। এ দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব।’

চৌদ্দগ্রামের সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘জামায়াতের বিরুদ্ধে প্রোপাগা-া আছে, আমরা ক্ষমতায় এলে নারীদের অবমূল্যায়ন হবে। কিন্তু আমি বলতে চাই, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সম্মান পাবেন। তাদের অধিকার পাবেন। আমার স্ত্রীও একজন চাকরিজীবী, আমার তিন মেয়ে চাকরি করে। আমরা ক্ষমতায় গেলে এ দেশের নারীরা চাকরি করতে পারবেন, তাদের কোনো সমস্যা হবে না; বরং এ দেশের নারীরা আরও নিরাপত্তার মধ্যে থাকবেন।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রফিকুল ইসলাম খান বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনাল বসিয়ে অবৈধভাবে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে। যেসব বিচারপতি অবৈধ রায় দিয়ে শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছেন, আজ তাদের করুণ পরিণতি হচ্ছে। ফ্যাসিবাদীরা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এ দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী নেত্রী আর কোনোদিন এ দেশের মাটিতে ফিরে আসবেন না।’

উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি মাওলানা আবুল হাসানাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহাজাহান প্রমুখ।