নরসিংদীতে ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হুমায়ূন কবির মেহেরপাড়া ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে। সে মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য।
নিহতের ভাতিজা তন্ময় জানান, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে দুইজন যুবক হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচদোনা বাজার মাছের আড়ৎ মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময়সহ অন্যরা। এসময় তারা এগিয়ে গেলে তাদেরকে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেল পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে কোন পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।