মোস্তাফিজের ফেরার দিন মেট্রোকে ১১৯ রানে আটকে দিলো খুলনা

দীর্ঘদিন পর ক্রিকেট মাঠে দেখা গেলো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। এনসিএল টি-টোয়েন্টির গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার হয়ে মাঠে নামেন মোস্তাফিজুর রহমান। গতকাল এলিমিনেটর ম্যাচের মতো এ ম্যাচেও দাপট দেখিয়েছে খুলনা। গ্রুপপর্বে ৭ ম্যাচের ৭টিতেই জেতা ঢাকা মেট্রোকে ১১৯ রানে আটকে দিয়েছে। রংপুরের বিপক্ষে ফাইনালে উঠতে হলে খুলনার ছুঁতে হবে ১২০ রানের লক্ষ্য।

পারিবারিক কারণে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে ছিলেন মোস্তাফিজুর। মাঠে ফিরলেও নৈপুণ্যে ঝলক দেখাতে পারেননি তারকা এ পেসার। ৪ ওভারে দিয়েছেন দলের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান। উইকেট পেয়েছেন একটি। তবে খুলনার বাকি বোলাররা করেছেন রাজত্ব। এলিমিনেটর ম্যাচের তারকা মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানা দুজনেই ২টি করে উইকেট নেন ১৬ ও ১৮ রানের বিনিময়ে। শেখ পারভেজ জীবন ২ উইকেট নেন ১৭ রান দিয়ে। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক নাইম শেখের ব্যাটে শতরান পেরোয় ঢাকা মেট্রো। এক প্রান্ত আগলে রেখে ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে পেসার শহিদুল ইসলামের ব্যাটে। মেট্রোর বোলাররা এই স্বল্প পুজির বিপরীতে খুলনাকে আটকাতে পারবে কি না সেটিই এখন দেখার বিষয়।