আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের প্রতিবাদ

ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুসসহ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের খানকা শরিফ এলাকার আওয়ামী লীগের চিহ্নিত কয়েকজন নেতাকর্মীর বিএনপিতে যোগদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁও স্টেশন রোডের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেন এবং ক্ষোভ প্রকাশ করেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলম, বিএনপি নেতা আবদুল হান্নান হান্নু প্রমুখ বক্তব্য দেন।

এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি ও পৌর বিএনপি। শহরের তাঁতিপাড়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আবদুল কুদ্দুস ও তার অনুসারীরা বিএনপিতে যোগদান করেনি বা করানো হয়নি। জেলা ও পৌর বিএনপি অনাকাক্সিক্ষত এ যোগদান প্রক্রিয়া সমর্থন করে না। প্রসঙ্গত, গত শনিবার রাতে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বর্ধিত ও কর্মিসভায় আবদুল কুদ্দুস ও তার কয়েকজন অনুসারী বিএনপিতে যোগদান করেন।