ভারতের রাজধানী দিল্লিতে ১৭৫ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে শনাক্ত করেছে বলে দাবি করেছে সেখানকার পুলিশ। গতকাল রবিবার পুলিশ কর্মকর্তারা জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে দিল্লির বাইরের এলাকাগুলোয় তাদের ১২ ঘণ্টার অভিযানে বৈধ নথিপত্র ছাড়া এসব ব্যক্তিদের শনাক্ত করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু। দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে দিল্লির বাইরের এলাকাগুলোয় অভিযান চালানো হয়। এ সময় ১৭৫ জনকে সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হিন্দু বলছে, দিল্লিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করতে গত ১১ ডিসেম্বর থেকে অভিযান চালিয়েছিল দিল্লি পুলিশ।
পুলিশের ওই কর্মকর্তা জানান, ক্রমবর্ধমান অবৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগের জেরে তাদের শনাক্ত করতে আউটার ডিস্ট্রিক্ট পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান ও যৌথ তল্লাশি কার্যক্রম শুরু করেছে।
তিনি জানান, অভিযানে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাতে এবং সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের তথ্য সংগ্রহের জন্য স্থানীয় থানাগুলোর পুলিশ সদস্য, ডিস্ট্রিক্ট ফরেনার সেলস ও বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে বিশেষ দল মোতায়েন করা হয়েছে।
গত ১৩ ডিসেম্বর দিল্লি পুলিশ দুই অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার এবং আরও এক হাজারের বেশি জনকে চিহ্নিত করেছে বলে জানিয়েছিল। পুলিশের উপকমিশনার (দক্ষিণ-পূর্ব) রবি কুমার সিং সে সময় বলেছিলেন, অভিযানে এক হাজার জনেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে শনাক্ত এবং কালিন্দি কুঞ্জ ও হযরত নিজামউদ্দিন এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এসব ব্যক্তি বৈধ কাগজপত্র ছাড়াই দিল্লিতে অবস্থান করছিলেন।
এদিকে দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশন দিল্লির স্কুলগুলোয় কোনো অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশু পড়ালেখা করছে কি না, সেটি চিহ্নিত করার আদেশ জারি করেছে।