দূষণ কমছে না ঢাকার বাতাসে

বায়ুদূষণ ছাড়ছে না রাজধানী ঢাকাকে। এই তালিকায় আজও দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে শেষ তথ্যে এয়ার কোয়ালিটি ইনডেক্সের তালিকায় শীর্ষে নাম রয়েছে ভারতের দিল্লির।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ু দূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লি শহরের বায়ুর মানের স্কোর ৫১৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে মেগাসিটি  ঢাকার দূষণ স্কোর ২৯২। তৃতীয় স্থানে রয়েছে ঘানার আক্রা, স্কোর ২৮৯। ২৭৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হ্যানয়। পঞ্চমে মিশরের কায়রো, স্কোর ২৩৫।

উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।