নারায়ণগঞ্জে ডাইং কারখানার বয়লারে আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনী এলাকায় বিসমিল্লাহ ডাইং নামক একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ডাইংয়ের বয়লারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও পাগলা স্টেশন ও নদী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

হাজিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ওবায়দুল ইসলাম বলেন, কারখানার বয়লার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন কারখানার ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজিগঞ্জ ও পাগলা দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুনে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বয়লার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

মালিক সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বয়লার থেকে। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহতও হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা হতে পারে।