দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বাতিলসহ ঢাবি সাদা দলের ৫ দাবি 

বিগত দেড় দশকে মেধা উপেক্ষা করে দলীয় বিবেচনায় বিতর্কিত শিক্ষক নিয়োগ বাতিল, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থনকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ৫ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের হাতে এই স্মারকলিপি তুলে দেন সাদা দলের শিক্ষকরা।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিগত দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে দলীয় বিবেচনায় বহু শিক্ষক নিয়োগ দিয়েছে। এসব নিয়োগের বিরুদ্ধে সে সময় অনেক বিভাগ থেকে প্রতিবাদ করা হলেও প্রশাসন কোনোটিই আমলে নেয়নি। মেধাবীদের বঞ্চিত করে দলীয় নিয়োগের বিষয়ে সে সময়কার সংবাদপত্রেও অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

এতে আরও বলা হয়, বিগত আওয়ামী শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধি চর্চার পরিবেশকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল। ভিন্ন মতের শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানী, নিপীড়ন, নির্যাতনের অসংখ্য ঘটনার নজির আমাদের জানা আছে। মিথ্যা অভিযোগ ও লঘু অপরাধে সাদা দল সমর্থক শিক্ষকদের চাকুরিচ্যুতির একাধিক ঘটনার কথাও সকলেই জানেন। কিন্তু নীল দল সমর্থক শিক্ষকদের গুরু অপরাধেও শান্তি না দিয়ে পুরষ্কৃত করার দৃষ্টান্তও রয়েছে। এসবের প্রতীকার হওয়া প্রয়োজন বলে সাদা দল মনে করে।

আওয়ামী সমর্থক কতিপয় শিক্ষক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তার গণহত্যাকে সমর্থন করেছে উল্লেখ করে এতে বলা হয়, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল সমর্থক শিক্ষকবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গণহত্যাকারী ফ্যাসিস্ট পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে গেছেন। শেখ হাসিনা সরকারের পতনের দুদিন আগ পর্যন্ত তারা ঢাকা বিশ্বদ্যিালয় ক্যাম্পাসে মিছিল, সমাবেশ করে খুনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন ও তার প্রতি সমর্থন জানান। এর আগে নীল দল সংবাদ সম্মেলন করে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করে প্রকারান্তরে খুনি হাসিনাকে গণহত্যায় উৎসাহিত করেন। শুধু তাই নয়, ৩ আগস্ট সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ আওয়ামী সমর্থক কতিপয় শিক্ষক উপস্থিত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন এবং তার গণহত্যাকে সমর্থন করেন। এসব কারণে সাদা দল ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে প্রত্যাখান করেছেন।

৫ দফা দাবি জানিয়ে সাদা দল বলে, সম্প্রতি ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নামে প্রেরিত স্বাক্ষরবিহীন একটি ই-মেইল এবং চিঠির মারফত শিক্ষকদের কাছে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। তারা সাদা দলের নামেও অসত্য তথ্য দিচ্ছে। এমনকি তারা শিক্ষক সমিতির নির্বাচন আয়োজনের কথাও বলছে। উদ্ভুত পরিস্থিতিতে আমরা আপনার কাছে নিম্নোক্ত দাবিসমূহ উপস্থাপন করছি।

তাদের দাবিগুলো হলো- বিগত আওয়ামী শাসনামলে দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল বিতর্কিত ও দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে সেগুলো বাতিল করতে হবে; গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান দমনে গণহত্যা চালানো ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থনকারী শিক্ষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে; গত ৩ আগস্ট গণভবনে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং নীল দলের যে সকল শিক্ষক নেতা তৎকালীন প্রধানমন্ত্রীর গণহত্যাকে সমর্থন ও তাকে উৎসাহিত করেছিলেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে; বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে কর্মরত ফ্যাসিস্টের দোসর হিসেবে পরিচিতদের অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে; দেশে বিরাজমান পরিস্থিতিতে শিক্ষক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ে কোনো পর্যায়ে কোনো নির্বাচন করা যাবে না।