শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিনই বহাল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ৭৬ দিন ছুটি। সোমবার (২৩ ডিসেম্বর) নতুন বছরের জন্য ছুটির করে তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে।

যদিও ‘আগামী বছর থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’- এমন একটি তথ্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষোভও জানাতে থাকেন শিক্ষকরা। সোমবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে।

সরকারি মাধ্যমিক অনুবিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার গণমাধ্যমকে বলেন, সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন নিয়েই সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে। প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে।

ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সেসময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৫ দিন সরকারি-বেসরকারি স্কুলে ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১ জুন, চলবে ১৯ জুন পর্যন্ত।

দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। এ ছাড়া সাপ্তাহিক ছুটি রয়েছে শুক্র ও শনিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত